সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭
কান্দাহারের পর এবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৬০ বেসামরিক নাগরিক।
শুক্রবার প্রথম হামলাটি হয় রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে। ওই আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। কাবুলের দাশত-ই বারচি এলাকার ইমাম জামান মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আফগানিস্তানের তলু নিউজ জানায়, এখানে আরও ২০ জন আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বসির মুজাহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত জানাননি।
এদিকে, শুক্রবার দুপুরে আফগানিস্তানের ঘার প্রদেশের দোলিনা জেলার একটি মসজিদের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে ঠিক সেই সময়টাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘার প্রদেশের গভর্নর আবদুল হাই খাতিবি জানান, এতে অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
অবশ্য আফগানিস্তানের স্থানীয় পত্রিকা তলু নিউজকে প্রত্যক্ষদর্শীরা জানান, এখানেও অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ফজলুল আহাদ খান যিনি ঘারের পাবলিক আপরাইজিং ফোর্সের একজন কমান্ডার।
এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানের কান্দাহারে সেনা ঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় ৪৩ সৈন্য নিহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি