সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬
স্টাফ রিপোর্টার :: খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামী ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করছে আদালত। সেই সাথে আগামী ৫ ডিসেম্বর এ মামলায় স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে বদরুলকে তোলা হয়। এরপর আদালত অভিযোগ গঠন করে উপরোক্ত তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৫ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছিলেন সিলেট অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালত। ওইদিনই আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ শেষে বিচার শুরুর জন্য ২৯ নভেম্বর পরবর্তী কার্যদিবস ধার্য্য করেছিলেন।
গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরাণ থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এছাড়ার ঘটনার পর শাবি থেকে চিরতরে বহিষ্কার করা হয় বদরুলকে।
Design and developed by ওয়েব হোম বিডি