সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
সুরমা মেইল ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে গতকাল হাইকোর্টে পৃথক ২টি আবেদন জমা দেন তারা। পরে আজ শুনানি শেষে আদালত ৬ মাসের জন্য তাদের জামিন দেন।
এর আগে চারবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন এ মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের প্রায় ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করা হয়।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি