সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
স্বাস্থ্য কথা :: ঘুমের মধ্যে নাক ডাকে যে সব ব্যক্তি, তাঁরা স্মৃতিশক্তি হারাতে পারেন। চিকিৎসাবিষয়ক জার্নাল ‘নিউরোলজি’-তে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা এ কথা জনিয়েছেন। বিবিসি’র খবরে বলা হয়, গবেষণায় ৫৫ বছরের বেশি বয়সি ২ হাজার ৪০০ মানুষের চিকিৎসা-সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তা থেকে জানা গেছে, যাদের ঘুম ভালো হয়, তাদের থেকে ঘুমে নাক ডাকা ব্যক্তিদের স্মৃতিশক্তি বা চিন্তা ক্ষমতা দ্রুত লোপ পেয়েছে। বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা চলছে। কম ঘুম অসুস্থতার জন্য দায়ী বলেও গবেষণা থেকে জানা গেছে। অ্যালঝাইমার নিয়ে বড় পরিসরে কাজ করা যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বিশেষত সেইসব ব্যক্তির ওপর নজর দিচ্ছেন, যাঁরা নাক ডাকা সমস্যায় ভুগছেন বলে তাদের জানিয়েছেন।
বিজ্ঞানীদের মতে, গলার আশপাশের টিস্যুগুলো শিথিল হয়ে গিয়ে সেগুলো বাতাস চলাচল বন্ধ করে দেয়। ফলে শ্বাস নিতে অসুবিধে হয়। এ ধরনের রোগীরা জোরে শব্দ করেন এবং প্রায়ই রাতে ঘুম থেকে উঠে যান। গবেষকদের উদ্বেগ, এ ধরনের সমস্যার কারণে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। এ ধরনের সমস্যায় ভুগতে থাকা ৭০ বা তার চেয়ে বেশি বয়সি মানুষদের স্বাভাবিকদের চেয়ে ১০ বছর আগে স্মৃতি বা চিন্তাশক্তি লোপ পায়।
গবেষণাপত্র সম্বন্ধে অ্যালঝাইমার্স রিসার্চ ইউকে নামে একটি সংগঠনের গবেষক ডক্টর সিমন রিড্লে বলেন, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা বৃদ্ধ বয়সে স্মৃতি বা চিন্তাশক্তি কমাতে পারে বলে নমুনা পাওয়া গেছে। তবে এর মাধ্যমে এটা বোঝাচ্ছে না যে, একটার কারণে আরেকটা হচ্ছে। তিনি বলেন, মস্তিষ্ক সুস্থ রাখতে এতে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ দরকার। আগ্রহ উদ্দীপক ব্যাপার হল, নাক ডাকার চিকিৎসা শেষ বয়সে স্মৃতি ও চিন্তা লোপের প্ররণতার সঙ্গে সম্পৃক্ত।
অ্যালঝাইমার’স সোসাইটি নামে একটি সংগঠনের গবেষক ডক্টর ডগ ব্রাউন যোগ করেন, এই গবেষণার আগে করা কয়েকটি পরীক্ষা থেকে জানা গেছে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর ঘুমের পরিমাণ ও মানের একটা প্রভাব আছে। তিনি আরও বলেন, যেহেতু বয়োবৃদ্ধদের সাধারণ সমস্যা হল ঘুমের ব্যাঘাত, তাই এ নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
Design and developed by ওয়েব হোম বিডি