সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বরিশালের মুলাদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মনির রাঢ়ী হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় আসামিদের উপস্থিতিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুদীপ্ত রায় এ দণ্ডাদেশ ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাউদ্দিন রাঢ়ী ও তার ছোট ছেলে রাসেল রাঢ়ী। বেকসুর খালাস পেয়েছেন আলাউদ্দিন রাঢ়ীর বড় ছেলে সোহাগ রাঢ়ী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল সাংবাদিকদের জানান- ২০১১ সালে ২২ ডিসেম্বর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণকালে বাঁধা দেন সাংবাদিক মনির রাঢ়ী। এ সময় প্রতিপক্ষ আলাউদ্দিন রাঢ়ী ও তার সন্তানেরা মনির রাঢ়ীর মাথায় কোদাল দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় মনির রাঢ়ীকে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ওই দিন রাতে তার মৃত্যু হয়।
২২ ডিসেম্বর মনির রাঢ়ীর ভাই জসিমউদ্দিন রাঢ়ী মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই মো. কায়কোবাদ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর মধ্যে ২০১৪ সালে ২ জুলাই আসামি মোতালেব রাঢ়ী মারা যান এবং অপর আসামি আলেয়া বেগমকে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি গিয়াস উদ্দিন বলেন, সরকার যেনো এ রায় দ্রুত কার্যকর করেন।
Design and developed by ওয়েব হোম বিডি