সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৭
হবিগঞ্জ (নবীগঞ্জ) প্রতিনিধি :: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রমত্তা কুশিয়ারা বিধৌত লোকালয় ও এলাকা সমূহে বাড়ীঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, উপাসনালয় প্লাবিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের দীঘলবাক, ইনাতগঞ্জ, আউশকান্দি ইউনিয়নে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ও নতুন করে এলাকাসমূহ প্লাবিত হচ্ছে।
উপজেলার দীঘলবাক, গালিমপুর, মাধবপুর, রাধাপুর, কসবা, করিমপুর, শস্তিপুর, জামারগাঁও, কুমারকাদা, ফাদুল্লা, মথুরাপুর, পারকুল, বনগাঁও, হোসেনপুর, দূর্গাপুর, ক্ষিণ গ্রাম, নাদামপুর-পঠানহাটি ও তৎপার্শ্ববর্তী কুশিয়ারা বিধৌত লোকালয়ে লোকজন খুবই মানবেতর দিনাতিপাত করছেন। মেহনতি মানুষ কর্মসংস্থানের অভাবে এই পবিত্র রমজান মাসে প্রায় অনাহারে, অর্ধাহারে কালাতিপাত করছেন। দীঘলবাক ইউনিয়নে একদিকে কুশিয়ারা ভাঙ্গনে লোকজন প্রচ- ক্ষতিগ্রস্থ ও গৃহহীন, অন্যদিকে বন্যার ফলে অন্যের বাড়িতে আশ্রিত শ্রমজীবি লোকজন বিভিন্ন পানিবাহিত রোগের সাথে যুদ্ধ করছেন।
ত্রাণ, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে উল্লেখিত এলাকার লোকজন খুবই কষ্টের মধ্যে আছেন। অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন, কেহ কেহ ঘর-বাড়ী ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়ীতে পাড়ি জমিয়েছেন।
কুশিয়ারা ডাইক এর বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যে কোন সময় কুশিয়ারার ডাইক ভেঙ্গে নবীগঞ্জ উপজেলার ০৮ টি ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুমকির মুখে পড়তে পারে দেশের বৃহত্তম গ্যাস কুপ বিবিয়ানা ও বিবিয়ানা পাওয়ার প্লান্ট।
কুশিয়ারা ডাইক ভেঙ্গে যাওয়ার আশংকায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় লোকজন।
জরুরী ভিত্তিতে প্রমত্তা কুশিয়ারা নদীর ভাঙ্গনরোধ ও বন্যার্তদের সাহায্য, ত্রাণ, বিশুদ্ধ পানি, ঔষধ নবীগঞ্জের বন্যার্তদের মধ্যে প্রদান করা প্রয়োজন।
Design and developed by ওয়েব হোম বিডি