সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ঢাকার বাড্ডায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার জনকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি জুনায়েদ হোসেন জুয়েলসহ ছয় জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান- রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন- গত বছরের ১৩ অগাস্ট মধ্য বাড্ডার চার খুনের ঘটনার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলায় জুয়েলকে প্রধান আসামি মামলা করা হয়।
ওই এলাকার আদর্শনগর পানির পাম্পের কাছে সরকারসমর্থক কয়েকজন আড্ডা দেওয়ার সময় তাদের ওপর গুলি ছোড়া হলে ঘটনাস্থল থেকে আহত চার জনকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরপর রাতেই ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা (৫৩) ও উত্তর বাড্ডার নির্মাণাধীন বেসরকারি হাসপাতাল এইচ এ এফ-এর তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিকের (৪৫) মৃত্যু হয়।
পরদিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান গামা (৪০)। ১০ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা আবদুস সালামের (৪০) মৃত্যু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি