শ্রীমঙ্গলে মারা গেছে ‘রাজলক্ষ্মী’

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৭

শ্রীমঙ্গলে মারা গেছে ‘রাজলক্ষ্মী’

Manual5 Ad Code

মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত হাতি ‘রাজলক্ষ্মী’ শেষ পর্যন্ত মারা গেছে।

শুক্রবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম। গত এক সপ্তাহ ধরে প্রাণিসম্পদ বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির চিকিৎসা চালিয়ে আসছিল।

গত ১৪ জুলাই শুক্রবার ট্রাক থেকে নামানোর সময় পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পায় ‘রাজলক্ষ্মী’। এরপর অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

হাতির মালিক ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলামের। সার্কাস ও বিয়েতে ব্যবহারের জন্য নরসিংদির কাজল খান নামে এক ব্যক্তি হাতিটি ভাড়া নিয়েছিলেন। মালিকের কাছে হাতি ফেরত দিতে গত ১৪ জুলাই রাতে নরসিংদী থেকে হাতিটি ট্রাকে করে শ্রীমঙ্গলে নেয়া হয়। সেখানে ট্রাক থেকে নামাতে গেলে ছিটকে পড়ে হাতি দুর্ঘটনার শিকার হয়।

Manual5 Ad Code

চিকিৎসকেরা ধারণা করেন, হাতিটির কোমর বা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়ে হাতিটি আহত হয়েছিল। হাতিটির বয়স প্রায় ৩৪ বছর। ওজন প্রায় তিন হাজার কেজি। মালিকের দেওয়া এই মাদি হাতিটির নাম ‘রাজলক্ষ্মী’। ২০১১ সালে বন বিভাগ থেকে হাতিটির নিবন্ধন করা হয়েছিল।

Manual7 Ad Code

হাতির মালিক সিরাজুল ইসলাম জানান, প্রায় ১৫ মাস আগে নরসিংদীর কাজল খানের কাছে হাতিটি লিজ দিয়েছিলেন। শর্ত ছিল, মালিকের যখন দরকার পড়বে তখন তিনি হাতিটি ফেরত দেবেন এবং কোথাও নিয়ে গেলে হাঁটিয়ে নিয়ে যাবেন। কিন্তু কাজল খান হাতিটি ফেরত দেয়ার সময় এটিকে ট্রাকে করে নিয়ে যান। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে হাতিটি নিয়ে রওনা দেন তারা।

Manual7 Ad Code

সিরাজুল ইসলাম আরও জানান, এছাড়া শ্রীমঙ্গলে গরুর বাজার এলাকায় ট্রাক থেকে নামানোর কথা ছিল। কিন্তু সেখানে নামানো হয়নি। রাতে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ৫নং পুল এলাকায় হাতিটি ট্রাক থেকে নামানো হয়। এ সময় হাতিটি পড়ে গিয়ে গুরুতর আহত হয় বলে অভিযোগ মালিক সিরাজুলের।

তবে কাজল খানের দাবি গাড়িতে দীর্ঘ সময় থাকার কারণে হাতিটি অসুস্থ হয়ে পড়ে।

Manual8 Ad Code

হাতিটি পোষা হলেও আহত হওয়ার খবর জানার পর থেকেই প্রাণিসম্পদ বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির সার্বক্ষণিক খোঁজখবর ও চিকিৎসার ব্যবস্থা করে। গত ১৫ জুলাই থেকেই আহত হাতিটির চিকিৎসা চলছিল।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, বিকেলে হাতির পোস্ট ময়নাতদন্ত করা হবে। ভিসেরা প্রাণিসম্পদ বিভাগের কেন্দ্রীয় রোগতত্ত্ব গবেষণাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলে বোঝা যাবে কি কারণে হাতিটি মারা গেছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, হাতিটির চিকিৎসা ও আহত হওয়ার কারণ জানার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত দল গঠন করা হয়েছিল। তদন্ত দল আসার আগেই হাতিটি মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code