সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
বিনোদন ডেস্ক ,
ফ্যাশন শোতে বাজানো গানে পবিত্র হাদিস জুড়ে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পপতারকা রিয়ান্না।
সম্প্রতি বারবাডোজের ৩২ বছর বয়সী গায়িকা ‘স্যাভেজ এক্স ফেন্টি’ নামের এক ফ্যাশন শোতে অংশ নিয়ে ‘ডুম’ শিরোনামের গান পরিবেশন করেন, যেখানে কিয়ামত ও হাশরের ময়দানে বিচারকার্যবিষয়ক হাদিস ব্যবহার হয়।
গত ২ অক্টোবর অ্যামাজন প্রাইমে ফ্যাশন শোর অনুষ্ঠানটি মুক্তি পায়।
টুইটারে বিষয়টি ভাইরাল হলে গ্র্যামিজয়ী এ গায়িকা ব্যাপক নিন্দিত হন।
গত কয়েক দিন ধরে নানা বিষবাক্য হজম করার পর অবশেষে মুসলিম সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন রিয়ান্না।
গত ৬ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিসে রিয়ান্না লেখেন– অজান্তে ঘটে যাওয়া বিরাট ভুল ধরিয়ে দেয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। এমন অসতর্কতার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা বুঝতে পেরেছি– অনেক মুসলিম ভাইবোনের অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে আমি খুবই মর্মাহত। ফ্যাশন শোতে এমন গান ব্যবহার করে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছি। কথা দিচ্ছি– আগামীতে আর কখনও এমন কিছু ঘটবে না। আপনারা বিষয়টি বুঝে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে স্বস্তি পাব।’
এদিকে সমালোচিত সেই ‘ডুম’ গানের প্রযোজক কুকু ক্লোয়ি সব প্ল্যাটফরম থেকে গানটি সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিয়ান্নার মতো তিনিও মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান।
তথ্যসূত্র: বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি