সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১
বিনোদন ডেস্ক :
চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি বিয়ের এক মাস পরই স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। এর মধ্যেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার একটি ফোনালাপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেদিন রাতেই মক্কা থেকে ফেসবুকে ভিডিওবার্তা দেন মাহি। দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে দেশে ফিরলেও অজ্ঞাত কারণে নিজেকে সবকিছু থেকে আড়ালে রেখেছেন এই নায়িকা।
মাহির ব্যক্তিগত ফোনটিও চালু থাকলেও কারো ফোন তিনি ধরছেন না। তারসঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নির্মাতারাও।
নির্মাতা শামীম আহমেদ রনির জানান, ওমরাহ শেষ করে ফিরে এসে গত ১০ ডিসেম্বর থেকে মাহির ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে কাজ পিছিয়েছেন তিনি।
শামীম আহমেদ বলেন, ‘মাহির সঙ্গে আগেও কাজ করেছি। তিনি পেশাদার একজন শিল্পী। আর এবারের ছবির গল্পটা মাহিকে নিয়ে। তাকে ছাড়া শুটিং করা অসম্ভব। আমি তার মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমাকেও তো প্রযোজকের দিকটা দেখতে হবে। দ্রুত শুটিং করতে না পারলে, অন্য শিল্পীদের শিডিউল মেলাতে পারব না। আশা করি, মাহি শিগগিরই যোগাযোগ করবেন।’
অবশ্য ফেসবুকে সরব দেখা গেছে মাহিকে। গত দুদিন ধরে একাধিক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সবশেষ হাতে চুড়ি পরা এবং চুড়ির কিছু ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন- দু’চোখের সীমানা যত বড়, জানি জুড়ে আছি আমি বেশি তারও’।
Design and developed by ওয়েব হোম বিডি