সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
বিনোদন ডেস্ক :
স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে এমনিতেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী পরীমণি। গত কয়েক মাস ধরে সিনেমা পাড়ায় চর্চায় তাদের দাম্পত্য কলহ। তিন অভিনেত্রীর গোপন ভিডিও নায়কের সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই আরও বেশি অশান্তি শুরু হয় তারকা দম্পতির মধ্যে।
কয়েক সপ্তাহ হল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। এর মাঝেই ফের উঠে এল নায়িকার অতীত জীবনের বেশ কিছু ঘটনা। ব্যক্তিগত জীবনে যা জটিলতাই হোক না কেন তার পরেও কাজে মন দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন একটি সিরিজও। যা আইনি জটিলতাতেও জড়ায়। সেই সিরিজের প্রচারেই একটি ওটিটি প্ল্যাটফর্ম’র সাক্ষাৎকারে উঠে আসে নায়িকার জীবনের নানা রকম দিক। সংশোধনাগারে কাটানোর সময়, রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গও ওঠে।
সেই সাক্ষাৎকারে পরীমণি বলেন, আমি জেলে থাকার সময় তো বাইরের জগতের সঙ্গে আমার কোনও যোগ ছিল না। শুনেছিলাম অনেকে বলেছেন, আমার তিন চারটে বর আছে। এটা কি সম্ভব বলুন? আমার কাছের বন্ধু, আত্মীয়-স্বজনরা তো মনে করেছিলেন আমি হয়ত আর জেল থেকে ছাড়া পাব না। এই সব ভাবার কি কোনও মানে আছে? সব কিছু বলে হেসে উঠেছিলেন নায়িকা।
এই মুহূর্তে একদিকে যেমন চলছে বিচ্ছেদের প্রক্রিয়া। অন্যদিকে, পরীর দায়িত্বে রয়েছে তার ছেলে। বিচ্ছেদের ঘোষণা করার পর নায়িকা জানান, তার ছেলের দায়িত্ব সম্পূর্ণভাবে তারই। রাজও জানিয়েছিলেন তিনি পরীর সব সিদ্ধান্ত মেনে নেবেন।
এদিকে, দীর্ঘ বিরতি পেরিয়ে চেনা ছন্দে ফিরছেন ঢালিউড সিনেমার আলোচিত এই চিত্রনায়িকা। দুই বছরের বিরতি শেষে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন লাস্যময়ী পরীমণি।
আগামী রোববার থেকে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প-Story of Dodo’-নামের সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
(সুরমামেইল/এএইচএম)
Design and developed by ওয়েব হোম বিডি