সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : মানিকগঞ্জে দ্বিতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযানে নেমেছে যৌথ বাহিনী। আজ বুধবার ভোর থেকে জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর, ধূলসুড়া, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত আটক করা হয়েছে পাঁচজনকে।
বুধবার ভোর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, আর্মড পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রায় ২০০ সদস্য অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযানে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারা দেশে, বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জের ওই চরাঞ্চলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
এসপি জানান, যৌথ বাহিনীর কয়েকটি দল পৃথকভাবে এ অভিযান চালাচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, এই অভিযানের অগ্রগতি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে মঙ্গলবার জেলার দৌলতপুর উপজেলার কয়েকটি চরে অভিযান চালিয়ে ৪ জঙ্গিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি