সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
খেলাধুলা ডেস্ক :
১৭ বছর পর ইউরোপা লিগ খেলতে যাওয়া বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ড্র করেছে। বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে দশ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের রক্ষণ কাঁপানো জাভি হার্নান্দেজের দল জালে অবশ্য আর বল পাঠাতে পারে নি। এর আগে অবশ্য পিছিয়ে পড়া বার্সা সমতা আনে ফেরান তোরেসের গোলে।
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার বিপক্ষে ইতিহাসে প্রথম দেখায় ঘরের মাঠে স্বাগতিকেরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। আনসগার কানাউফ ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোল করেন। জার্মান অনূর্ধ্ব–২১ দলের এই উইঙ্গারের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বার্সা গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন।
অবশ্য ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। কিন্তু বার্সা অধিনায়ক সার্জিও বুসকেতসের বিপক্ষে পেনাল্টি বাঁশি বাজানো রেফারি সিদ্ধান্ত বদল করেন ভিএআর-এর সাহায্যে। গোলশূন্য প্রথমার্ধে বার্সার দুঃসংবাদ জেরার্দ পিকের চোট। ২৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ডিফেন্ডার। জাভি তখন তাঁর বদলি হিসেবে নামান ক্লেমঁ লংলেকে।
৬২তম মিনিটে বার্সা পরিবর্তন আনে দু’টি। ফ্রেঙ্কি ডি ইয়ং নামেন গাভির বদলি হিসেবে। আর আদামা ত্রাউরের বদলি নামেন ওসমান দেম্বেলে। জোড়া পরিবর্তনের পরই মাঠের খেলায় গতি বেড়ে যায় স্প্যানিশ ক্লাবটির। সমতা ফেরায় ৬৬তম মিনিটে। দারুণ দলীয় প্রচেষ্টার গোলটি করেন তোরেস। দেম্বেলে, ডি ইয়ংয়ের পা ঘুরে বল বল আসে তোরেসের কাছে। স্প্যানিশ ফরোয়ার্ড গোল করতে ভুল করেননি।
৭৮ মিনিটে ১০ জনের দল হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক তুতা। একজন কম নিয়ে ম্যাচের বাকি সময় খেললেও আর গোল করতে পারে নি জাভির শিষ্যরা।
আগামী বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।
Design and developed by ওয়েব হোম বিডি