সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
দেশের ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ গার্মেন্টসকর্মীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জের ত্রিশালে বাসের ধাক্বায় ৫ গার্মেন্টসকর্মীসহ ৬ জন, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার ৫ যাত্রী ও মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলার ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন গার্মেন্টসকর্মী রয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে চেলের ঘাট ময়শাল বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার খায়রুজ্জামান লিটন (২৮), বাড়েরারপাড় ভাটিপাড়া এলাকার শিমুল আহমেদ জয় (২০), ত্রিশাল উপজেলার দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), সাখুয়া ইউনিয়নের গন্ডখোলা এলাকার বখতিয়ার হোসাইন সোহেল (৩৫), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০) এবং অন্য এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সদরের চুরখাই ও ত্রিশাল থেকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসএস ট্রাভেলস নামের একটি বাসে ওঠেন গার্মেন্টসকর্মীরা। চেলেরঘাট এলাকায় যেতে বাসটির চাকা প্যাংচার হয়। এসময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিল। এতে গার্মেন্টসকর্মীরা নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান। এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেলে দুইজনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। মোট ৬ জন।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত ৫ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় লেগুনার পেছনে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে যাত্রী তুলছিলেন একটি লেগুনা। এ সময় পেছনে দ্রুত গতির একটি পিকআপ ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশের খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
গজারিয়া (মুন্সীগঞ্জ) :
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মানিক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মানিক কন্টেইনারবাহী লরির হেল্পার ছিলেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৭টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় কন্টেইনারবাহী লরিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক কক্সবাজারের চকরিয়ার কাহারিখোলা এলাকার আব্দুল হাফেজের ছেলে। দুর্ঘটনার পর পলাতক রয়েছে লরির চালক। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়াসার্ভিস কর্মীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালামাল নিয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো লরিটি। পথে গজারিয়ার ভাটেরচর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি মহাসড়কে উল্টে যায়। এতে এর নিচে চাপা পড়েন লরিটির হেল্পার মানিক।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর জানান, খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি